ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত আলজেরিয়া

ads

ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত আলজেরিয়া। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। এ ছাড়া গ্রুপে রয়েছে অস্ট্রিয়া ও জর্ডান। গ্রুপ ‘জে’- কিছুটা সহজ মনে হলেও সাম্প্রতিক ফর্ম ও পারফরম্যান্সই বলে দিচ্ছে, দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ছাড় পাবে না কোনো দলই। ‘জে’ গ্রুপে থাকা চার দলের মাঝে আর্জেন্টিনাই হট ফেভারিট। বাছাইয়ে হন্ডুরাসের বিপক্ষে ২-০ গোলের জয় এলেও খেলায় ছিল না স্বাভাবিক ছন্দ। অবশ্য এই ম্যাচে চারজন খেলোয়াড়ের অভিষেক করিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া পাওয়া এই জয় তাই কিছুটা স্বস্তি দিতে পারে সমর্থকদের। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে আফ্রিকার দেশ আলজেরিয়া। তার আগে উরুগুয়ের সঙ্গেও ড্র করেছিল আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালিস্টরা। গেল আসরের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এবার আলজেরিয়ার বিপক্ষেও কঠিন পরীক্ষাই দিতে হব আলবিসেলেস্তেদের।


অস্ট্রিয়াকেও হালকাভাবে নেওয়ার উপায় নেই। শেষ প্রীতি ম্যাচে তিউনিশিয়াকে হারিয়েছে রালফ রাংনিকের শিষ্যরা। দলে আছেন ডেভিড আলাবা, মার্কো আর্নাউতোভিচ, মার্সেল স্যাবিতজারের মতো তারকারা। অষ্টমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ডাই রোট রোটেনরা নিজেদের শেষ ১১ ম্যাচে মাত্র একবার হার নিয়ে মাঠ ছেড়েছে। এশিয়ার দেশ হওয়ায় যদি জর্ডানকে দুর্বল মনে করেন, তবে সেটার উত্তর দিতেও প্রস্তুত তারা। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দেশটি এশিয়ান কাপ ও আরব কাপ, দুটিতেই রানার্সআপ হয়েছে। প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হারলেও বিশ্বকে চমকে দিতেই টুর্নামেন্টে নামবে আল নাশামারা।


সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এবারের বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপগুলোর একটি গ্রুপ ‘জে’। প্রীতি ম্যাচে দলগুলোর ফলাফলই বলে দিচ্ছে, দ্বিতীয় রাউন্ডে যেতে আর্জেন্টিনাসহ সবাইকেই দিতে হবে কঠিন পরীক্ষা। আলজেরিয়ার সমর্থকরা আশা করেন যে জাতীয় দল সেই দৃঢ়তা ও লড়াকু মনোভাব প্রদর্শন করবে, যা সাম্প্রতিক বছরগুলোতে তাদেরকে আফ্রিকার অন্যতম সেরা দলে পরিণত হতে সাহায্য করেছে। আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের আগে, কোচ পেতকোভিচ দক্ষিণ আমেরিকান দলটির কারিগরি খেলার ধরণ এবং দ্রুত আক্রমণ-পাল্টা আক্রমণের মোকাবিলা করার জন্য কৌশলগত পরিকল্পনা তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন।


গ্রুপপর্বে আলজেরীয় দলের জন্য এটি অন্যতম বড় চ্যালেঞ্জ হবে, কারণ আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং তাদের দলে ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তাই, উত্তর আফ্রিকার এই প্রতিনিধির জন্য একটি শক্তিশালী কৌশলগত ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলজেরিয়া ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপযাত্রা শুরু করবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায়। ওই ম্যাচে খেলা হবে না দলটির বিশ্বকাপজয়ী লেফট ব্যাক নিকোলাস ট্যাগলিয়াফিকোর। তার সেরে উঠতে এখনো সময় লাগবে। ইনজুরিতে আক্রান্ত হলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের ২৬ জনের দলে থাকবেন ট্যাগলিয়াফিকো। কারণ দলে তাকে গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ। লিওনেল মেসি এবং নিকোলাস ওটামেন্ডি একাদশে না থাকলে অধিনায়কের আর্মব্যান্ড পরেন বাঁ পায়ের ফুটবলার ট্যাগলিয়াফিকো। কোচ তাকে দলের একজন নেতা হিসেবে দেখছেন। ট্যাগলিয়াফিকো একজন বিশেষজ্ঞ লেফটব্যাক। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ওই পজিশনে অভিজ্ঞ ও কোচের কৌশল মেনে চলা ফুটবলার নেই। ২০২২ সালের বিশ্বজয়ের গৌরব নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে উত্তর আমেরিকায় গেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের সামনে এবার ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার অনন্য রেকর্ড গড়ার সুযোগ। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির ষষ্ঠ এবং ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিনার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের দুটি বিখ্যাত ভেন্যুতে। এরপর ২২ জুন রাত ১১টায় এটিএন্ডটি স্টেডিয়াম, আরলিংটনে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। আগামী ২৮ জুন রবিবার সকাল ৮টা এটিএন্ডটি স্টেডিয়ামে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে, আলজেরিয়া এবার তাদের পঞ্চম বিশ্বকাপ আসরে অংশ নিতে যাচ্ছে। এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপে খেলেছিল তারা। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে শেষ ১৬-তে পৌঁছানোই ছিল দলটির ইতিহাসের সেরা সাফল্য। গত ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার পর, এবার তারা আবারও বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন করল। উত্তর আফ্রিকার সাহারার তপ্ত বালু আর ভূমধ্যসাগরের নোনা বাতাসের মিশেলে যে ফুটবল উন্মাদনা জন্ম নেয়, তার নাম আলজেরিয়া। দীর্ঘ ১২ বছরের এক শূন্যতা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপে ফিরে আসা এই দল শুধু একটি ফুটবল দল নয়, বরং আত্মমর্যাদা আর প্রতিরোধের এক প্রতীক।


আলজেরিয়ার ফুটবল ইতিহাসের পাতা ওলটালে দেখা যায়, এটি শুধু মাঠের জয়-পরাজয়ের গল্প নয়, বরং অবিচারের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর এক মহাকাব্য। বিশেষ করে ১৯৮২ বিশ্বকাপে সেই ‘গিজন কলঙ্ক’ আজও আলজেরীয় ফুটবলে জ্বলন্ত ক্ষত হয়ে আছে। যা তাদের বারবার মনে করিয়ে দেয় যে বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে শুধু খেলায় নয়, লড়তে হয় নিয়তির বিরুদ্ধেও। পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া আলজেরিয়া যখন নকআউট পর্বের দ্বারপ্রান্তে, ঠিক তখনই জার্মানি ও অস্ট্রিয়া মেতে ওঠে এক অঘোষিত ‘আঁতাতের’ খেলায়। ম্যাচের প্রথম ১০ মিনিটে জার্মানি গোল পাওয়ার পর বাকি সময় দুই দল স্রেফ উদ্দেশ্যহীনভাবে বল পাস করে পার করে দেয়, যাতে দুই দলই পরের রাউন্ডে যেতে পারে এবং আলজেরিয়া বাদ পড়ে। গ্যালারি থেকে দর্শকদের দুয়োধ্বনির তোয়াক্কা না করে মঞ্চস্থ হওয়া সেই প্রহসন আলজেরিয়াকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলেও ফুটবল বিশ্বকে দিয়েছিল এক বড় শিক্ষা যার ফলে ফিফা গ্রুপপর্বের শেষ ম্যাচগুলো একই সময়ে আয়োজনের নিয়ম করতে বাধ্য হয়। গিজনের সেই বেদনাদায়ক স্মৃতি থেকে প্রতিটি ধাপে আলজেরিয়া বিশ্বকে শিখিয়েছে কীভাবে ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে হয়।

ads
ads
ads

Our Facebook Page